মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জুলাই শহীদদের স্মরণে রাঙামাটিতে পিসিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: 5 August 2026, 2:47 PM | আপডেট: ২ মাস আগে

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোলায়মান। বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদের জেলা অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রবীন রাজনীতিবীদ পেয়ার আহমেদ খান, এনসিপি নেতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম এবং সঞ্চালনা করেন নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ রকিব হোসেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বৈষম্য বিরাজ করছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এটা কখনো কাম্য নয়। পার্বত্য চট্টগ্রামে সকল জাতি গোষ্ঠীর মাঝে সম অধিকার নিশ্চিত করা গেলে জুলাই আন্দোলনের সফলতা আসবে।
এ সময় জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...