বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে এখনো শুল্ক আরোপ করেনি। বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) পৃথক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে শুল্ক সংক্রান্ত প্রস্তাব আছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে এই প্রস্তাবে উল্লেখিত শুল্ক কার্যকর হতে পারে।
ইউএসটিআর যেসব তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেগুলো ‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ সংক্রান্ত।
সংস্থাটির অভিযোগ, তাদের অংশীদার কিছু দেশের কারখানাগুলো অভ্যন্তরীণ ও বিশ্ববাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদন করে। ভর্তুকি বা সহজ ঋণের মাধ্যমে এতে সহায়তা দেয় দেশগুলোর সরকার। উৎপাদিত বাড়তি পণ্য পরে কম দামে রপ্তানি হয়।
যুক্তরাষ্ট্রের দাবি, কম দামী এসব পণ্যের সঙ্গে মার্কিন কারখানাগুলো প্রতিযোগিতায় পেরে উঠছে না। তাই তারা শুল্ক আরোপ করে মার্কিন বাজারে দাম বাড়াতে চায়।
অতিরিক্ত উৎপাদনে যুক্তরাষ্ট্রের কী ক্ষতি?
ইউএসটিআর তাদের প্রতিবেদনে অতিরিক্ত উৎপাদনের প্রভাবকে কয়েকটি ধাপে তুলে ধরেছে। তাদের মতে, অন্য দেশের পণ্যের চাপে যুক্তরাষ্ট্রের নিজস্ব কারখানা ও ব্যবসাগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এর ফলে অভ্যন্তরীণ নতুন বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান কমে যাচ্ছে।
সংস্থাটি বলছে, তাদের আমদানিকৃত পণ্যের ২৫ শতাংশ ঝুঁকিতে আছে। কারণ, এই পরিমাণ পণ্যের জন্য তারা নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভরশীল। ফলে মহামারি বা আন্তর্জাতিক সংকটের মতো জরুরি পরিস্থিতি তৈরি হলে মার্কিন অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
বিদেশি নির্ভরতা কমিয়ে নিজ দেশে এসব পণ্য তৈরি করতে গেলে যুক্তরাষ্ট্রকে বিপুল অর্থ ব্যয় করতে হবে। এর পরিমাণ অন্তত ২ ট্রিলিয়ন ডলার বলে এক হিসাবে জানিয়েছে ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনজি।
আরেক প্রতিষ্ঠান ইওয়াই-পার্থেননের মতে, যুক্তরাষ্ট্র যদি চীনের ওপর নির্ভরতা কাটিয়ে নিজস্ব ব্যবস্থা গড়ে তুলতে চায় তাহলে ২০৫০ সাল পর্যন্ত আরও ১৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন।
ইউএসটিআর বলছে, অতিরিক্ত উৎপাদনকারী দেশগুলো নিজেদের বাজারে সব পণ্য বিক্রি করতে না পেরে তা বিশ্ববাজারে ছড়িয়ে দেয়। এতে যুক্তরাষ্ট্র অন্য দেশেও তার রপ্তানির বাজার হারাচ্ছে। পাশাপাশি, বিশ্বের সবচেয়ে বড় ও উন্মুক্ত বাজার হওয়ায় বাইরের অতিরিক্ত পণ্য এখানেই বেশি ঢোকে। যা দেশটির বাণিজ্য ঘাটতি আরও বাড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশের বিরুদ্ধে তদন্তে কী পেয়েছে?
ইউএসটিআর তাদের ওয়েবসাইটে ১৪টি বাণিজ্য অংশীদারকে নিয়ে পৃথক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এই তদন্ত শুরু হয় গত মার্চ মাসে।
বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম- ‘সেকশন ৩০১ তদন্ত প্রতিবেদন: উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত বাংলাদেশের পদক্ষেপ, নীতি ও চর্চা’।
তদন্তের ফলাফলের ভিত্তিতে ইউএসটিআর সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশের সংশ্লিষ্ট নীতি ও চর্চাগুলো মার্কিন বাণিজ্য আইনের দৃষ্টিতে অযৌক্তিক। এটি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা ও প্রতিবন্ধকতা তৈরি করছে।
প্রতিবেদনের ৮৯ ও ৯০ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, বাজারের শক্তি ও পরিস্থিতি বিবেচনা না করেই বাংলাদেশের সরকারের পরিকল্পনায় রপ্তানি ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদেশে পণ্য বিক্রির এই সচেতন প্রচেষ্টা বিদেশি বাজারের পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করে।
বছরের পর বছর ধরে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নির্দিষ্ট শিল্প পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করে আসছে। এর ফলে প্রধান শিল্প ও রপ্তানি খাত (তৈরি পোশাক) বাজারের স্বাভাবিক চাহিদা ও পরিস্থিতির ওপর নির্ভর না করে উৎপাদন সক্ষমতা ও রপ্তানি বাড়িয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রায় ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক এবং মোট ৯ বিলিয়ন ডলারের টেক্সটাইল সামগ্রী আমদানি করেছে। এটি মোট মার্কিন পোশাক আমদানির একটি উল্লেখযোগ্য অংশ।
ইউএসটিআরের অভিযোগ, বাংলাদেশের সরকার ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭ এবং কর ছাড় ও নগদ সহায়তার মাধ্যমে কৃত্রিমভাবে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে রপ্তানিতে উৎসাহ দিয়েছে।
এছাড়া, বাংলাদেশের বিরুদ্ধে বাজারভিত্তিক সুষ্ঠু প্রতিযোগিতা নষ্ট এবং শ্রমিক ও জনগণের কল্যাণ খর্বের অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে।
বলা হয়েছে, বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতি থাকলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উদ্বৃত্ত ২০২১ সালের ৫ দশমিক ৯ বিলিয়ন থেকে বেড়ে ২০২৫ সালে ৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
ইউএসটিআরের দাবি, চীন তাদের অতিরিক্ত সক্ষমতার পণ্য সরাসরি রপ্তানি না করে বাংলাদেশকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের পণ্য তৈরির উপকরণ আমদানি ৭ বিলিয়ন ডলার বা ৬৮ শতাংশ বেড়েছে। একই সময়ে চীন থেকে যুক্তরাষ্ট্রের এ ধরনের আমদানি কমেছে ৩০ বিলিয়ন ডলার বা ২১ শতাংশ।
সংস্থাটির অভিযোগ, চীনে মতো ‘এনএমই’ দেশ থেকে দ্রুত উপকরণ আমদানি বাড়ার ফলে বাংলাদেশে তৈরি পণ্যগুলো কৃত্রিমভাবে বাড়তি সুবিধা পাচ্ছে। এতে বাজার বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।
এছাড়া, বাংলাদেশে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি রপ্তানিতে প্রতিযোগী অন্য দেশের চেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ইউএসটিআর ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি বিবেচনায় নিয়েছে।
কত শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছে?
তদন্তের ফলাফলগুলোকে সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে ইউএসটিআর। এর ফলে মার্কিন প্রশাসন বাংলাদেশের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আইনি ভিত্তি অর্জন করেছে। এখন তারা ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় শুল্ক বা অন্যান্য বিধিনিষেধ আরোপ করতে পারবে।
ইউএসটিআরের ওয়েবসাইটে লেখা হয়েছে, এই সিদ্ধান্তগুলোর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সব পণ্যের ওপর (নির্দিষ্ট কিছু বাদে) সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে।
তবে ১৮ শতাংশের হিসাবটি এখনো চূড়ান্ত নয়। সংস্থাটি বলেছে, এই হার ঠিক করার সময় আগে থেকেই থাকা অন্যান্য শুল্ক, বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির শর্তগুলো বিবেচনায় রাখা হয়েছে।
কীভাবে কার্যকর হতে পারে?
যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনেই কার্যকরের প্রক্রিয়া নিয়ে নির্দেশনা আছে। আইনের ৩০৪(বি) ধারা অনুযায়ী, প্রস্তাবটি কার্যকরের আগে জনমত গ্রহণের একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এর অর্থ, প্রস্তাবিত শুল্ক নিয়ে মার্কিন সরকার পক্ষে-বিপক্ষে মতামত শুনবে। যারা শুনানিতে কথা বলতে চান, তাদের আগে নিবন্ধন করতে হবে। যারা শুধু মত জানাতে চান, তারা লিখিতভাবে জানাতে পারবেন। দুটি কাজেরই শেষ সময় আগামী ৫ জানুয়ারি।
জমা হওয়া মতামতের ওপর ২৫ জানুয়ারি শুনানি আয়োজন করবে ইউএসটিআর। প্রয়োজন অনুযায়ী শুনানি অব্যাহত থাকবে। এই প্রক্রিয়া শেষে শুল্ক আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।