মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন এমপি

  • প্রকাশিত: 24 September 2026, 11:14 PM | আপডেট: ৩ সপ্তাহ আগে

 নিজস্ব প্রতিনিধি:-   সরকার বিশেষ গুরুত্ব দিয়ে  পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে  কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি জেলা শহরের ট্রাইবেল আদম এলাকায় রাঙ্গামাটি জেলা আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়নের জন্য সরকার উচ্চপর্যায়ে তিনটি কমিটি গঠন করেছে। এসব কমিটির মাধ্যমে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় গিয়ে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। পরে প্রয়োজন অনুযায়ী সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পাহাড়ের দুর্গম অঞ্চলের নারীদের একসময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হতো। এখন সোলার প্যানেলের মাধ্যমে বাড়ির কাছেই পানির ব্যবস্থা করা হচ্ছে। ফিল্টারিংয়ের মাধ্যমে ওই পানি বিশুদ্ধ করার ব্যবস্থাও করা হচ্ছে।

আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের গুরুত্ব তুলে ধরে হেলাল উদ্দিন বলেন, এটি শুধু একটি ভবন নির্মাণের প্রকল্প নয়, এর সঙ্গে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। জেলা তথ্য অফিসের ফ্যাক্টচেকিং কার্যক্রম গুজব ও অপতথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরিতেও এ কার্যক্রম সহায়ক হবে।

ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে আনছেন। বর্তমান সরকারের সময়ে বৈধ পথে এসব অর্থ দেশে আনার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভূঁইয়া।

জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, দেশের সাত বিভাগে সাতটি এবং ১৯টি জেলায় ১৯টিসহ মোট ২৬টি পাঁচতলা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এসব কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের পাশাপাশি মাল্টিমিডিয়াভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...