রাঙ্গামাটি প্রতিদিন: শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্ডকার মোহা: রিজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন,এমপি মহোদয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলার শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এইচএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা,পরিষদের কর্মকর্তা শিক্ষা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা, মনন, সৃজনশীলতা ও দেশপ্রেমের সমন্বয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও গৌরবময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র রাঙ্গামাটি জেলার জন্য গৌরবের বিষয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মেধার বিকাশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে পার্বত্য জেলার দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে প্রধান অতিথি মহোদয় বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে সরকার ও পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার মাধ্যমে তাদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা সৃষ্টি করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ভুমিকা রাখার আহবান জানান।#