রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

উন্নয়নের মাধ্যমে শান্তি এবং সম্প্রীতি স্থাপন সরকারের মূলমন্ত্র- প্রতিমন্ত্রী মীর হেলাল

  • প্রকাশিত: 13 November 2026, 5:08 PM | আপডেট: ২ সপ্তাহ আগে

 

নিজস্ব প্রতিনিধি :‘উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা এবং সম্প্রীতি স্থাপন করা বর্তমান সরকারের চলার মূলমন্ত্র’ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন ‘আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বো এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পেছনে এই সম্প্রীতির অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে’।

তিনি (১৩নভেম্বর) রাঙামাটি স্টেডিয়ামে আয়োজিত স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব চ্যাপ্টারের উদ্যোগে দিনব্যাপী প্রতিযোগিতার প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মীর হেলাল আরো বলেন- ‘আমাদের সরকারের পলিসি হচ্ছে -সকলের জন্য সমান অধিকার। সকলের জন্য সমান সুযোগ। অর্থাৎ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন অঞ্চলের সকল জনগোষ্ঠী, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের সম উন্নয়ন। সকলের জীবনমান উন্নয়ন বিশেষ করে প্রথম স্তরে যারা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী তাদের উন্নয়ন করে ধাপে ধাপে আমরা সকলের উন্নয়ন করতে চাই’।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ৮৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন তরুণদের মধ্যকার সুপ্ত ক্রীড়া প্রতিভাকে বিকশিত করা এবং তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক সেকান্দার, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব-চ্যাপ্টারের সাধারন সম্পাদক সুবর্ণা চাকমাসহ স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...