গত ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০০ রাঙ্গামাটি পার্বত্য জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির
উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে “পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স” অনুষ্ঠিত হয়।
উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ তফাজ্জল হাসান হিরু।
এতে রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ অংশগ্রহণ করেন।
কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব আব্দুর রকিব, বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, বিভাগীয় বন কর্মকর্তার প্রতিনিধি
সহকারী বন সংরক্ষকগণ, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি, জেলার সকল থানার অফিসার
ইনচার্জগণ, নিরাপদ খাদ্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা,
জেলা কারাগারের জেল সুপার, প্রবেশন কর্মকর্তার প্রতিনিধিসহ বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি
প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল বিচারিক কার্যক্রমকে অধিকতর গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে বিচার
বিভাগ, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা।
সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল করা, মামলার তদন্ত ও বিচার
কার্যক্রমে দীর্ঘসূত্রতা হ্রাস, যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল, আদালতের আদেশ ও সমন-পরোয়ানা যথাযথভাবে
বাস্তবায়ন এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয়
দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও বিচারিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের
পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত বিভিন্ন দপ্তরের
প্রতিনিধিবৃন্দ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন এবং বিচারিক কার্যক্রমকে
আরও ফলপ্রসূ করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
আমরা আশাবাদী, এ ধরনের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স বিচার বিভাগ ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী
সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিচারিক কার্যক্রমকে
আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি