চৌধুরী হারুনুর রশীদ,রাঙামাটি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দীপন তালুকদার দীপু। একই সঙ্গে ১৪ জনকে সদস্য করে মোট ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে। একই পরিবারের দুই চেয়ারম্যান ইতিহাসের এই প্রথম ।এটি ১১তম অনির্বাচিত পরিষদ। ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদ গঠন করে প্রথমবারের মত নির্বাচন দেয় তৎকালীন সরকার। এরপর থেকে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সরকার পরিষদ মনোনিত করে আসছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোছা. তাসলিমা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের বিধান অনুযায়ী সরকার এ পরিষদ পুনর্গঠন করেছে। এই প্রথম রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে একই পরিবারে দুইভাই চেয়ার মনোনীত হয়েছে। অন্তবর্তী সরকার আমলে মনোনীত হয়েছিল বড় ভাই কৃষিবিদ কাজল তালুকদার ,এবার বিএনপির সরকার আমলে ছোট ভাই জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।
প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান দীপন তালুকদার ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন—শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, মিজ প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তোফজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, মিজ নন্দিতা দাশ ও মিজ চন্দ্রা চাকমা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনীর বিধান অনুযায়ী পরিষদের সব দায়িত্ব পালন করবে।
এতে ৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত পরিষদ বাতিল করা হয়েছে এবং নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
পার্বত্য চুক্তি আইনের বলে বিশেষভাবে শক্তিশালী তিন পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে তিন পার্বত্য জেলা পরিষদ আইন প্রনয়ন করা হয়।