সার্ভিসে জয়েন করে প্রথমে খুব ভালো লাগবে। সবাই “স্যার-স্যার” করে অস্থির করে তুলবে। কলিংবেলে টিপ দিতে ৩-৪ জন লোক হাজির হয়ে যাবে। যেখানেই যাবেন আলাদা খাতির পাবেন, লোক অন্য নজরে দেখবে।
ঝামেলা শুরু হবে তার কিছুদিন পর থেকে।
আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মানুষ মনে করেন টাকা আর ক্ষমতা থাকলে সব জায়েজ এবং সবাই অন্যায় করলে অন্যায় করাটাও জায়েজ, না করাটাই বরং ভুল। আত্মীয়-স্বজনের চাপ বাড়বে, অন্যায় আবদারে ভরে যাবে আপনার জীবন। না শুনলে হয়ে যাবেন ‘বেয়াদব’, ‘অহংকারী’। শুধু আপনি না, আপনার পুরো পরিবারকে কথার যে তীক্ষ্ণবাণে বারংবার জর্জরিত হতে হবে তা অকল্পনীয়।
মানুষ হিসেবে আমাদের একটা বৈশিষ্ট্য হলো নিজের জ্ঞানের পরিধির বাইরে চিন্তা করতে না পারা। স্বভাবগতভাবে আমি যা জানি না সেটার থেকে যিনি বা যারা জানেন তারা ভালো মতামত দিতে পারবেন। কিন্তু আমরা বোধহয় এটা মানতে নারাজ। সারাদিন ‘বিচার কেন হচ্ছে না’, ‘অজ্ঞ বিচারক’সহ অনেক এমন মন্তব্যের শিকার হতে হয় যা যিনি বা যারা করছেন তারা আইন বিষয়ে না জেনেই করছেন। জ্ঞানকে যদি পুরো পৃথিবীর জলরাশি হিসেবে কল্পনা করি তবে আইনের শাখা প্রশান্ত মহাসাগর। এখন ট্যাপ বন্ধ করার পর যে ফোঁটা থাকে তার এক ন্যানো শতাংশ জ্ঞানের একজন এসে আপনার পেশা নিয়ে যা তা বলবে (আমরাও যে খুব বেশি জানি তা না) তবুও আপনি সহ্য করবেন। সাথে তো মিডিয়া ট্রায়াল আছে।
সার্ভিসে জয়েন করার পর আমার প্রথম জেলা জজ স্যার শ্রদ্ধেয় আবু শামীম আজাদ স্যার একদিন বলেছিলেন, “জজ-সাহেবরা খানিকটা ইমামদের মত। তাদের ভুল করতে নেই।” কথাটার অর্থ কতখানি গভীর রোজ টের পাই। বঙ্গদেশে বোধ করি সবার ভুল করার সুযোগ আছে, ডাক্তার এবং বিচারক ব্যতীত। ভুল করলে যে শুধু মানুষের ক্ষতি বিষয়টা তেমন না, কিছু মানুষ সারাদিন ওঁৎ পেতে থাকেন ভুল ধরে অপমান করার জন্য। তাদের পেশা এবং নেশা বলতে পারেন বিচারকগোষ্ঠীকে নিয়ে ছলে-বলে-কৌশলে বাজে মন্তব্য করা।
অনেককে বলতে শুনি, ‘ওই মার্ডার কেইসটার নিউজ পড়ে গা গুলিয়ে যাচ্ছে’, ‘বাচ্চাটার সাথে যা হয়েছে শুনে তিন রাত ঘুমাতে পারি নি’। জ্বী, আপনি যা সোশ্যাল মিডিয়াতে দেখে-শুনে-পড়ে খেতে পারেন না, ঘুমাতে পারেন না আমরা সেগুলো রোজ সামনা-সামনি দেখি, তাদের কথা শুনি, আমাদের কাজ সেগুলো দেখে একটা সিদ্ধান্তে পৌঁছানো। আমি মাঝেমধ্যে আমাদের জেলা জজ পদমর্যাদার স্যারদের কথা ভেবে আতঙ্কিত হই। এই মানুষগুলো দিনের পর দিন মার্ডার, রেইপ, ব্রুটাল কিলিং-সহ এরকম মামলাগুলোতে সাক্ষ্যগ্রহণ করছেন। অথচ আমাদের সবার মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আলাদা কোনো ব্যবস্থা নেই। উপরন্তু, আমাদের বাইরে সাধারণ মানুষের সাথে মেশার সুযোগ সীমিত।
বাংলাদেশের শতকরা ৯০% মানুষ (আমার নিজের অনুমান) সরকারি চাকুরিজীবীদের দুর্নীতিবাজ এবং ঘুষখোর ভাবতে এবং বলতে পছন্দ করেন। এমন না যে তার পরিবারে কেউ চাকরি পেলেও করবে না, কিন্তু বলার সময় আপনার গায়ের ছাল-চামড়া যেন না থাকে সেভাবেই বলবেন। অথচ এই মানুষগুলোই তার কোন আত্মীয় ঢাকায় ফ্ল্যাট-গাড়ি কিনে ফেলেছেন আপনাকে তার ফিরিস্তি দিবেন, এতবড় চাকরি করে কিছু করতে পারছেন না তার জন্য কথা শোনাবেন।
লিখতে চাইলে লিখে ফেলা যাবে আরব্য রজনী। কিন্তু বাড়ি-পরিবার-সমাজ-দেশ-জাতি গঠনে কিছু মানুষকে সহ্য করতে হয় অনেক কিছু। এই তিন বছরে একটা বিষয় শিখেছি, ক্ষমতা বলতে আসলে কিছু নেই, যেটা আছে সেটা দায়িত্ব। মানুষ দায়িত্বের অপব্যবহার করাকে ক্ষমতা হিসেবে চিনে। তবুও সবশেষে একটা কথাই মাথায় আসে,লেখাটি লিখেছেন টাঙ্গাইল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: জান্নাতুন নাইম মিতু-
Great power comes with great responsibility…