নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রথমবারের মতো আয়োজিত রাঙামাটি চ্যাম্পিয়নস লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত জমকালো ফাইনাল ম্যাচে রাঙামাটি সদর দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বিলাইছড়ি।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দল গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি ড্র অবস্থায় শেষ হয়। পরে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে ৪–৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিলাইছড়ি দল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপম চাকমা, জেলা প্রশাসক নাজমা আসরাফি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির।
খেলা শেষে চ্যাম্পিয়ন বিলাইছড়ি দলকে ট্রফির পাশাপাশি ৫০ হাজার টাকা এবং রানার্সআপ রাঙামাটি সদর দলকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, পাহাড়ের বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।