নিজস্ব প্রতিনিধি ঃ রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামের এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান
তারেক এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজারে কাজের সুবাদে
স্থানীয় হাসিনা বেগম সুমির (২৮) সঙ্গে মাহিবুরের প্রেমের সম্পর্ক গড়ে
ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সঙ্গে শারীরিক সম্পর্ক
স্থাপন করেন আসামি। একপর্যায়ে আসামির অন্যত্র বিয়ে ঠিক হলে ভিকটিম তার
কাছে ২০ হাজার টাকা দাবি করেন।
এর জেরে ২০২২ সালের ১১ মার্চ রাতে কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমির মাথায়
ইটের আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন মাহিবুর। পরে প্রমাণ লোপাট করতে
সিগারেটের আগুন দিয়ে লাশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।
পরদিন ১২ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণের পরিত্যক্ত টয়লেট থেকে ওই নারীর পোড়া
লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা
মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।