নিজস্ব প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টারের (৬০) পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। রোববার (১৮ অক্টোবর) এক অনুষ্ঠানে নিহতের পরিবারের প্রতিনিধি সানুই মারমার হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত ১৩ এপ্রিল কাপ্তাইয়ের চিৎমরম এলাকায় বুনো হাতির আকস্মিক আক্রমণে নিহত হন মংখ্যাইচিং মারমা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মে মাসে বিধি অনুযায়ী ক্ষতিপূরণ চেয়ে বন বিভাগে আবেদন করে। আবেদনের সঙ্গে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণ অনুমোদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলে রাব্বিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তারা জানান, বুনো হাতির আক্রমণে মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে বন বিভাগ কাজ করছে।ক্ষতিপূরণের চেক পেয়ে বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহতের পরিবার।#