মঞ্জুরুল ইসলাম লিটন রাঙামাটি (লংগদু) প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলার অন্যতম সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজার এখন প্রভাবশালী চক্রের অবৈধ দখলের থাবায় বিনষ্ট হতে বসেছে। ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে বাজারের ফায়ার রোড ও বাজার ফান্ডের কোটি কোটি টাকার সরকারি জায়গা। অথচ এ বিষয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বাজার ফান্ড কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে জরুরি অগ্নিনির্বাপণ ও চলাচলের জন্য নির্ধারিত ‘ফায়ার রোড’ এবং বাজার ফান্ডের খালি জায়গা দখল করে প্রভাবশালী চক্র স্থায়ী ও অস্থায়ী নানা ধরনের স্থাপনা গড়ে তুলছে। দীর্ঘদিন ধরে বাজারের এই গলিপথ দখলের চিত্র নিয়ে তথ্য প্রকাশ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকরাও নানা ধরনের হুমকির শিকার হচ্ছেন।