বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: 16 July 2026, 3:30 AM | আপডেট: ২ সপ্তাহ আগে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) অ্যাডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাগানবাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় সঙ্গে থাকা আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় জাহাঙ্গীরের বাগানবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, ‘দূর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। এই ঘটনা অত্যন্ত নিখুঁত পরিকল্পিত। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হামলার কারণ উদঘাটনেও তদন্ত চলছে।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...